সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সমাধান চেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা ও জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসার দাবিতে মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান।
তিনি বলেন, আমরা সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধান চাই। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা এবং জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসার আহ্বান জানাই শিক্ষার্থীদের।
এদিকে বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
আজকের সিলেট/ডি/এপি
শাবি প্রতিনিধি 








