দোয়ারাবাজারে সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার

দোয়ারাবাজারে সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৮:৪১:৩৭ AM

দোয়ারাবাজারে সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু


শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার। ছোটভাইকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারালে সড়কে পড়ে মারা যান ২৫ বছর বয়সী এ নারী। সাদিয়া দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ধনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সিএনজিচালিত রিকশায় করে শ্বশুরবাড়ি দোয়ারাবাজার উপজেলার হাজারিগাঁও থেকে বাবার বাড়ি উপজেলার রামপুরের উদ্দ্যেশে বের হন সাদিয়া। সঙ্গে ছিল আপন ছোট ভাই আতিকুর। দুপুর সাড়ে ১২টায় দোয়ারাবাজার উপজেলার ধনপুর নামক স্থানে তারা পৌঁছান। এ সময় সুনামগঞ্জ থেকে আরেকটি সিএনজিচালিত রিকশা আজমপুর খেয়াঘাটের দিকে যাচ্ছিল। একপর্যায়ে দুটি সিএনজিচালিত রিকশার সংঘর্ষের উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিক দুটি সিএনজিচালিত রিকশা দুই দিকে পাশ কাটায়। এ ঘটনায় সাদিয়াদের বহনকারী সিএনজিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারায় ও সাদিয়া পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. জুবায়ের জানান, হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে। আমরা পোস্টমর্টমের জন্য চিঠি পাঠিয়েছি।

দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন সাদিয়া। সঙ্গে ছিল আপন ছোট ভাই। ধনপুর নামক স্থানে তাদের বহনকারী সিএনজি নিয়ন্ত্রণ হারায় এবং সাদিয়া সড়কে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর