জৈন্তাপুরে ট্রাক-প্রাউভেটকার সংঘর্ষে চার ছাত্রলীগকর্মী নিহত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ PM

জৈন্তাপুরে ট্রাক-প্রাউভেটকার সংঘর্ষে চার ছাত্রলীগকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০৯:৫০:০৭ AM

জৈন্তাপুরে ট্রাক-প্রাউভেটকার সংঘর্ষে চার ছাত্রলীগকর্মী নিহত


জৈন্তাপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ছাত্রলীগের ৪ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।

শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, নিহত চার জনই ছাত্রলীগের নেতাকর্মী। এই মুহূর্তে তাদের পদবী নিশ্চিত করতে পারছি না। খোঁজ নিয়ে জেনেছি, জৈন্তাপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশের ডোবায় তাদের প্রাইভেটকার পড়ে দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিহতরা সবাই তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন ৷ ৪নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান ৷ সিলেটে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। আজ ময়নাতদন্ত সম্পন্ন হবে। দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছেন।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক ইউনুছ আলী বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপতালে নেওয়া হয়। সেখানে চারজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর প্রশাসনের অনুমতি নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর