সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ আন্দোলনের শুরুর দিন রোববার সকাল থেকে সিলেট মহানগরে যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিন সকাল ১০টা থেকে দোকান-পাট খোলা শুরু করলেও নগরীর বন্দর জিন্দাবাজার চিত্র ছিলো ভিন্ন।
রোববার সকাল ১০ টার দিকে নগরের বন্দরবাজারে কোনো মার্কেট বা দোকান খোলা দেখা যায়নি। এছাড়া এসময় অন্যান্য দিন সড়কে কর্মব্যস্ত মানুষের ছুটে চলা চোখে পড়লেও এমন দৃশ্য ছিলো না। সড়কে যানবাহনও ছিলো কম।
সকাল থেকেই সিলেট মহানগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বন্দরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম) সকালে বলেন, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী অসহযোগ আন্দোলন পালনে আমরা রোববার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন স্থানে অবস্থান নিবো। পরে নগরের কোর্ট পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবো। জরুরি সেবার যানবাহন ছাড়া আর সরকারি-বেসরকারি কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি।’
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








