দুটো খুঁটি থাকলেও কেন ব্রিটেনে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা?
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ AM

দুটো খুঁটি থাকলেও কেন ব্রিটেনে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ০৭:৩৪:৪১ AM

দুটো খুঁটি থাকলেও কেন ব্রিটেনে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা?


লন্ডনে যেতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, সোমবার রাতেই জানা গিয়েছিল, হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় ব্রিটেন। জানা গিয়েছে, ব্রিটেনের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকছেন হাসিনা। কিন্তু ব্রিটেন কি আদৌ কোনোদিন শেখ হাসিনাকে আশ্রয় দেবে? কোথায় সমস্যা তাদের?

মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ব্রিটিশ অভিবাসন বিধিতেই আটকে যাচ্ছে হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়টি। সে দেশের অভিবাসন বিধি অনুযায়ী, কাউকে ব্যক্তিগতভাবে স্থায়ী বা অস্থায়ী আশ্রয় দেয়ার অনুমতি নেই। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, “যাদের সুরক্ষা প্রয়োজন তাদের আশ্রয় দেয়ার গর্বের রেকর্ড রয়েছে আমাদের। তবে, কাউকে স্থায়ী আশ্রয় বা অস্থায়ী আশ্রয় দেয়ার জন্য ব্রিটেনে আসার অনুমতি দেয়ার কোনও বিধান নেই।”

হাসিনা ভারতে পৌঁছানোর পর, সোমবার রাতে গাজিয়াবাদের বিন্দন বিমানবাহিনী ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, ডোভালকে হাসিনা জানান, তার বিমানে জ্বালানি ভরা হয়ে গেলেই তিনি লন্ডনে উড়ে যেতে চান। কিন্তু, তারপরই ব্রিটেনের পক্ষ থেকে জটিলতা তৈরি হয়। ব্রিটেন জানিয়ে দেয়, হাসিনাকে আশ্রয় দিতে তারা প্রস্তুত নয়।

তারপর থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সময়সূচী বা অবস্থান, পুরোটাই গোপন রাখা হয়েছে। সূত্র মতে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা আরএনডি-র সুরক্ষায় আছেন। তার সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহানা। তিনি ব্রিটেনের নাগরিক। তার ব্রিটিশ নাগরিকত্ব শেখ হাসিনার সেই দেশে আশ্রয় পাওয়ার সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই এখনও অনিশ্চিত।

গত বছর দিল্লিতে জি২০ বৈঠকের সময়, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে দেখা গিয়েছিল, হাঁটু মুড়ে বসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে। তাদের মধ্যে স্পষ্টতই ভাল সম্পর্ক ছিল। কিন্তু, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়র আগেই ভোটে হেরে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়তে হয়েছে ঋষিকে। বর্তমানে ব্রিটেনের ক্ষমতায় আছে, স্যার কেয়ার স্টারমারের লেবার পার্টির সরকার।

কেয়ার স্টারমার প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিতে নারাজ। তাদের মতে, আশ্রয়প্রার্থী ব্যক্তিরা প্রথম যে নিরাপদ দেশে পৌঁছন, সেই দেশেই তাদের আশ্রয় নেয়া উচিত। অর্থাৎ শেখ হাসিনা ভারতেই থাকুন, এমনটাই চায় লন্ডন। তবে, হাসিনার ভাগ্নি, টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ লেবার পার্টির এমপি। বোন এবং ভাগ্নী, ব্রিটেনে দু-দুটি খুঁটি আছে হাসিনার। তাকে কাজে লাগিয়ে হালে পানি কি পাবেন তিনি? এটাই এখন দেখার। সূত্র: টিভি৯।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর