দীর্ঘদিন কানাডা সফরের পর অবশেষে সিলেটে ফিরছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তবে সিলেটে ফিরলেও তিনি সভাপতির দায়িত্ব পাচ্ছেন না। আপাতত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থাকছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর হাতে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাডা সফর শেষে সিলেটে পৌঁছবেন এই বিএনপি নেতা। তাকে রিসিভ করতে বিমানবন্দরে যাচ্ছে দলটির নেতাকর্মীরা।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আজকের সিলেটকে বলেন, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন কাল দেশে ফিরছেন। আমরা তাজে রিসিভ করতে বিমানবন্দরে যাব, তবে এটি কোন সংবর্ধনা নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাসিম হোসাইন দেশে ফিরলেও তিনি সভাপতির দায়িত্ব পাচ্ছেন না। কারন ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। এজন্য পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মিফতাহ্ সিদ্দিকীই মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত ১ লা জুলাই থেকে দেশব্যাপী ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন শুরুর পর কানাডা সফরে চলে যান মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। এর পর মহানগর বিএনপি বিএনপিতে নেতৃত্বের শূণ্যাতা দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় ও দলীয় কর্যক্রমকে গতিশীল রাখতে গত ১লা আগষ্ট বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থায় করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকীকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








