আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী ও চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানে রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনসহ সরকারি আইন লঙ্ঘন করেছেন। অনুসন্ধানে এমন তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের একটি প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। তদন্তে আবদুস শহীদের স্ত্রী ও সন্তানদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাটের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে।
এছাড়াও, কানাডার 'বেগমপাড়ায়' তার স্ত্রীর একটি বাড়ি কেনার এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে গত শনিবার আব্দুস শহীদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আজকের সিলেট/ডি/এসটি









