বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের বিরুদ্ধে ওয়ারিশান (উত্তরাধিকার) সনদ প্রদানে টাকা নেওয়াসহ নানা হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
ওই ইউনিয়নের তেঘরীয়া গ্রামের মো: হেলাল মিয়ার করা অভিযোগ থেকে জানা যায়, হেলাল চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের কাছে গত ২ জুলাই ওয়ারিশান সনদের জন্য আবেদন করেছেন। কিন্তু তিনি সনদ না দিয়ে বিভিন্ন টালবাহানা করে আসছেন ।
সনদের জন্য চেয়ারম্যান আব্দুর রহমান মাখন হেলান মিয়ার কাছে উৎকোচ দাবি করেছেন। টাকা না দেওয়ায় তিনি সনদ পাননি। শুধু তিনি নন, তাঁর মতো অনেকেই এ রকম হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগকারী হেলাল বলেন, বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি খারিজ করার জন্য আমাদের ওয়ারিশ সনদের প্রয়োজন হলে আমি অনেকবার চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু তিনি আমাদের সনদ দেননি।
এ বিষয়ে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজেফর আলী জানান, ভুক্তভোগী হেলাল তাঁর পরিবারের সব সদস্যের শনাক্তকরণ কাগজপত্র সংযুক্ত করে ওয়ারিশান সনদের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। আমিও লিখিতভাবে সুপারিশ করেছি। হয়তো বা নামের আগে শেখ থাকার কারণে চেয়াম্যান ওয়ারিশ সনদ দিচ্ছে না ।
অভিযোগের বিষয়ে পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন- অভিযোগ এর ব্যপার টা অফিসে আসেন কথা হবে এই বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ডি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








