দেশে ১০ কোটি কেজি চা উৎপাদনে রেকর্ড
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২১ PM

দেশে ১০ কোটি কেজি চা উৎপাদনে রেকর্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১১:২৭:৪৫ AM

দেশে ১০ কোটি কেজি চা উৎপাদনে রেকর্ড

ফাইল ছবি


বাংলাদেশ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ। এর চা শিল্প ব্রিটিশ শাসনামল থেকে চলে আসছে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৪০ সালে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করে।  এখানকার উত্তর এবং পূর্বাঞ্চলীয় জেলা সমূহে চা উৎপাদন হয়ে থাকে; উচ্চভূমি, উষ্ণ জলবায়ু, আর্দ্র এবং অতি বৃষ্টি প্রবণ এলাকাসমূহ উন্নতমানের চা উৎপাদনের মোক্ষম পরিবেশ সৃষ্টি করে দেয়।

  

চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। চা পাতা কার্যত চা গাছের পাতা, পর্ব ও মুকুলের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয়। এবার দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চা উৎপাদিত হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষিদের মাধ্যমে উৎপাদন হয়েছে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা।


চা বোর্ডের কর্মকর্তা ও বাগান মালিকরা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের অভাবে চা বাগানগুলোতে উৎপাদন কম হয়েছিল। কিন্তু পরে অনুকূল আবহাওয়া ও সহায়ক উদ্যোগের কারণে বাম্পার ফলন হয়েছে। তবে চা বাগানের মালিকরা সন্তুষ্ট নন, কারণ বছরব্যাপী দাম কম ছিল।


বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ কেজি ও ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদনের পর ২০২২ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি কেজি। তবে সে বছর উৎপাদন হয় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। ২০২৩ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি উৎপাদন হয়ে বছরে মোট উৎপাদন হয়েছে ১০ কোটি ২৯ লাখ কেজি চা। সে হিসেবে পূর্বতন বছরের চেয়ে এবার দেশে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় ১০ শতাংশ।


২০২৩ সালে চায়ের জন্য অনুকূল আবহাওয়া ও নিয়মিত সংস্কার কার্যক্রমের কারণে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে জানিয়ে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান বলেন, শুধু উৎপাদন বাড়লেই হবে না। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মাথায় রেখে রফতানি বাড়াতে হবে। পাশাপাশি চায়ের গুণগত মান বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় নিলামে চায়ের সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী মূল্য পাচ্ছি না। চায়ের উৎপাদন যেমন বেড়েছে তেমনি উৎপাদন খরচও বেড়েছে। নিলামে ভালো দাম না পেলে অনেক চা বাগান হুমকির মুখে পড়বে বলে তিনি জানান।


দেশের ইতিহাসে প্রথম ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলকে পৌঁছা সম্ভব হয়েছে উল্লেখ করে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুসারে সঠিক, কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারণে এবং বাংলাদেশ চা বোর্ড, বাগান মালিক, শ্রমিক, ক্ষুদ্র চাষিসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রেকর্ড ফলন হয়েছে।'

আজকের সিলেট/২৪ জানুয়ারি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর