মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ একটি পরিবারের ছয় রোহিঙ্গাকে আটক করেছে। তারা সিলেটের মাজার জিয়ারত করে ফিরছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চত করেন কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম।
আটক করা রোহিঙ্গারা হলেন মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আকলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সবাই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মুন্সীবাজারে দুইজন পুরুষ, দুই নারী ও দুই শিশুসহ ছয় জনকে একসঙ্গে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখান। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, বাংলা ভাষা ঠিকমতো বুঝতে না পারায় স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে থানায় অবগত করলে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে।
আজকের সিলেট/২৫ জানুয়ারি/জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








