কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ তিনি বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার,বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।
তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।
এসময় চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন তিনি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ডা. উর্মী বিনতে সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








