ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওরশে অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বৃস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীন শাহের মাজারে ওরস অনুষ্ঠান হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদক সেবন করেছেন। কালাম ও আজিজ অতিরিক্ত মদ পান করে মাতলামি করছিলেন। রাত ১১টার দিকে কালাম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া অজ্ঞান অবস্থায় আজিজকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়েছে।
তবে পুলিশ এ ঘটনার খবর পায়নি বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী।
আাজকের সিলেট/জেকেএস
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








