হবিগঞ্জের চুনারুঘাটে দুই ছাত্রকে ১১ দিন ধরে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় চুনারুঘাটে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিখোঁজ দুইজন হলো উপজেলার মিরাশী ইউনিয়নের সোনাতুলা গ্রামের নুহ মিয়ার ছেলে বাহুবল হামিদ নগর কওমি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমেদ (১৫) ও একই এলাকার ডুইবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। নয়ন স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিখোঁজদের স্বজনরা জানান, অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে ১৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী।
নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার জানান, ‘সালমান মাদরাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে গোয়াছপুর মাদরাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বের হয়েছিল দুইজন।এরপর থেকেই নিখোঁজ রয়েছে তারা।’
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, তাদের দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








