সাগরদিঘীর পারে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ PM

সাগরদিঘীর পারে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১০:১৭:৫২ AM

সাগরদিঘীর পারে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু


সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। নিহত শাওন আহমেদ নগরের বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের মোহাম্মদ পুরের সেলিম মিয়ার ছেলে। শাওন ও তার ভাই নগরের বন্দরবাজার সুরমা মার্কেটে প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।

শুক্রবার রাতে নগরের সাগরদীঘির পারের ১১ লগির ভেতরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে-ভেতরে ক্ষোভ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে শাওন মারা যায়।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর