লালচাঁন্দ চা বাগান ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২১ AM

লালচাঁন্দ চা বাগান ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৬:৩৯:০৬ AM

লালচাঁন্দ চা বাগান ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্যাকিং গুদামে মজুদ চা-পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শনিবার সকালে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

লালচাঁন্দ চা-বাগান ও চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার অগ্নিকান্ডের ঘটনা দেখে লালচান্দ চা বাগান ফ্যাক্টরির কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ফ্যাক্টরির ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন।

চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট স্টেশনসহ ৩টি ইউনিট দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরির মজুদ চা-পাতা, বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, থানা পুলিশসহ গণমান্য লোকজন ঘটনার স্থল পরিদর্শন করেন।

চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, আমি তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদেরকে সমবেদনা জানিয়েছি। আমার ধারণা ফ্যাক্টরির শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জেল হোসেন জানান, সকালে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ারসার্ভিস ও শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর