প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এখন দেশের অর্থনীতি ভালো চলছে। বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় শক্তি কৃষি খাত। প্রতিবছর সারা দেশে কৃষির বাম্পার ফলন হচ্ছে, এ কারণে অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ নেই।
রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর বাজারে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাজার পরিস্থিতি নিয়ে সালমান এফ রহমান বলেছেন, রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রফতানি বন্ধ রয়েছে। এই আমদানির বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। রমাজনের আগেই তা চালু হবে বলে কথা দিয়েছেন। সুতারাং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরে বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এখন ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য আব্দুল মোমেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস।
সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন, সেটা সত্যি আমার জন্য সৌভাগ্যের বিষয়। আজ মনে হচ্ছে আমার জীবন পরিপূর্ণ হয়েছে তার সঙ্গে কাজ করতে পেরে। এতদিন সিনেমা জগতে কাজ করেছি। এখন থেকে বাস্তব জীবনে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, বছরের শুরুতে সারাদেশের শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। যা অতীতের কোনো সরকার করতে পারেনি। বিশেষ করে যদি বলি সিলেট এলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি। এ অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা অনেক সুন্দর।
সুনামগঞ্জের মানুষের পাশে থাকার কথা জানিয়ে ফেরদৌস বলেন, সুনামগঞ্জের অনেক নাম শুনেছি। আজকে সরাসরি মনের মতো একটি প্রোগ্রামে এসেছি। আজকে আপনাদেরকে একটি কথা বলব, চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের পাশে আছি, থাকব।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








