সিলেট নগরীর কুমারপাড়ায় গ্যাস লাইনে আগুন। ধোঁয়া দেখে দেওয়ায় পথচারী ও স্থানীয়রা মাঝে আতঙ্ক পরে যায়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে তৎক্ষণাত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। পরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের টিম এসে লাইন মেরামত করে।
সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কুমারপাড়াস্থ বসুন্ধরা মটরস এর শোরুমের সামনে কালবার্টের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে কুমারপাড়াস্থ বসুন্ধরা মটরস নামক প্রতিষ্ঠানের সামনে কালবার্টের নিচে গ্যাস সঞ্চালনের লাইন থেকে হঠাৎ কিছুটা আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের তালতলা স্টেশনে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
টিমের নেতৃত্বে থাকা সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, খবর পাওয়ামাত্র আমরা এসে ৫-৭ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে ফেলি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ভয় পাওয়ার কিছু নেই। পরে জালালাবাদ গ্যাসের একটি টিম এসে লাইন মেরামতের কাজ করেছে।
আজকের সিলেট/ডি/পিএ
নিজস্ব প্রতিবেদক 








