আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে নামিয়ে এনেছে । এই অর্থবছরে মূল্যস্ফীতির গড় হবে প্রায় ১১ শতাংশ।
বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছে দাতা সংস্থাটি। এর আগে গত অক্টোবরে সংস্থাটি সাড়ে ৪ শতাংশ প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে পরের অর্থবছরে তা ৬ দশমিক ৭ শতাংশে উঠবে বলে আশা করছে আইএমএফ।
মূল্যস্ফীতি নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে প্রায় ১১ শতাংশ থাকবে। তবে কঠোর নীতি এবং সরবরাহের চাপ কমার ফলে পরের ২০২৫-২৬ অর্থবছরে তা ৫ শতাংশে নেমে আসবে বলে মনে করে সংস্থাটি। তবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এ সর্বশেষ প্রক্ষেপণের চেয়ে বেশি বিশ্বব্যাংকের পূর্বাভাস।
গত অক্টোবরে বিশ্বব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। যদিও এর আগে এপ্রিলে ৫.৭ শতাংশ পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পরে তা কমানো হয়।
দুটি আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির পর থেকে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের পর সর্বনিম্ন হবে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








