আত্মসমর্পণ করে কারাগারে ২৬ আ.লীগ নেতাকর্মী
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ AM

আত্মসমর্পণ করে কারাগারে ২৬ আ.লীগ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৬:২০:৩০ AM

আত্মসমর্পণ করে কারাগারে ২৬ আ.লীগ নেতাকর্মী


জকিগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের জামিন নামঞ্জুর হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের হেনস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।

বাদী জাহাঙ্গীর আলম রিপন বলেন, তার মামলার নাম উল্লেখ করা ৪৮ জনসহ আড়াই শতাধিক আসামির মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত কারও জামিন আবেদন মঞ্জুর করেননি।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর