সিলেটে ভুয়া নাম-স্বাক্ষরে অভিযোগ তৈরী ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক নামধারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শহিদ আহমদ রিপন সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরেরচক (আলমপুর) গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। সে নিজেকে নিজেকে ‘অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন’ নামের একটি ভুইফোঁড় পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
শনিবার সন্ধ্যায় তাকে তাকে শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। রেববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শহিদ আহমদ রিপন শাহপরাণ থানাধীন উত্তর মোহাম্মদপুর (ইসলামপুর) এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে নিজেকে ‘অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন’ নামের একটি ভুইফোঁড় পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন।
শনিবার সকালে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া আনসারটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া ও জয়নাল আবেদীনের সঙ্গে কথোপকথনের সময় প্রতিবেশী খোকন আহমদ দেখতে পান- এখানে উপস্থিত সাংবাদিক পরিচয়ের শহিদ আহমদ রিপনের হাতে থাকা একটি অভিযোগ রয়েছে। এতে তার (খোকন) নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ ছিলো- স্থানীয় মাসুক মোল্লা, কালা সিরাজ, জয়নাল আবেদীন, আনু মেম্বার, আজাদ মেম্বার ও কামরুলের বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি দেখে হতভম্ব হয়ে যান খোকন। কারণ- এ বিষয়ে কিছুই জানেন না এবং অভিযোগে থাকা স্বাক্ষরটিও তার নয়।
এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক শহিদ আহমদ রিপনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শহিদ আহমদ রিপন স্বীকার করেন যে- তিনি ও রহিম নামে একজন ভুয়া অভিযোগ তৈরি করে তা সিটি কর্পোরেশন, বন বিভাগ ও জেলা প্রশাসকের দপ্তরে জমা দিয়েছেন। এরপর এ ভুয়া অভিযোগ দেখিয়ে জনপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে পত্রিকায় রিপোর্ট করে দিবেন বলে হুমকি প্রদান করেন।
এ ঘটনায় খোকন আহমেদ বাদী হয়ে শাহপরাণ থানায় শহিদ আহমদ রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করলে সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এন.ই
নিজস্ব প্রতিবেদক 








