সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় চার জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়নে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর ৪টায় ও শুক্রবার গভীর রাতে এসব ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে ভোট কেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কি.মি. দূরত্বে অবস্থিত এই ভোট কেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাতায়াত ব্যাবস্থা হিসেবে শুধুমাত্র মোটরসাইকেল ও নৌকা ব্যাবহৃত হয়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কম তৎপরতা থাকায় উক্ত ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া জানান, আগুনে প্রাক প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়ে গেছে। আগুনের ধোঁয়ার কালো হয়ে গেছে দরজা জানালা। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এদিকে, শুক্রবার রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
অপরদিকে রাত তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দ্রুত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








