গত কদিন আর্জেন্টিনার ফুটবলে সব আলোচনার কেন্দ্রে একটিই ম্যাচ। লাতিন আমেরিকার দেশটির অন্যতম সেরা ফুটবলার লিওলেন মেসির ঘরের মাঠে বিদায়ী ম্যাচের কথাই এখন যেন সবার মুখে মুখে। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির জয়-পরাজয় নিয়ে খুব কম লোকই ভাবছে বোধহয়।
আর্জেন্টাইন মহাতারকার বিদায়ের ক্ষণটা কেমন হবে? দেশের ভক্ত-সমর্থকরা কতটুকু শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে নিজেদের ইতিহাসের মহানায়কের বিদায় স্বরণীয় করে রাখতে পারবে, এসব নিয়েই যত আলোচনা।
তবে ‘স্পেশাল’ এই ম্যাচে বিপদে পড়তে হতে পারে মেসির কয়েকজন সতীর্থকে। হলুদ কার্ডজনিত কারণে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন জুলিয়ান আলভারেজ-রদ্রিগো ডি পলরা।
একাধিক ম্যাচে হলুদ কার্ড দেখার পর এখন অন্তত ১১ জন আর্জেন্টাইন ফুটবলারকে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার সময় সতর্ক অবস্থানে থাকতে হবে।
নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা আলবিসেলেস্তারা হলেন থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েল, এজেকুয়েল পালাসিওস, লিয়ানদ্রো পারেদেস ও ক্রিস্তিয়ান রোমেরো।
এছাড়া জার্মান পেজ্জেলাও এই হলুদ কার্ডের তালিকায় ছিলেন। তবে চোটের কারণে স্কোয়াডেই নেই তিনি। আর সরাসরি নিষেধাজ্ঞার মধ্যে আছেন কেবল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আছেন চেলসির এই মিডফিল্ডার।
অবশ্য এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা আর্জেন্টিনার জন্য ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটি কেবলই নিয়ম রক্ষার। পাশাপাশি কার্ডজনিত কারণে দলের নিয়মিত কোনো সদস্য নিষিদ্ধ হলে মন্দের ভালো হিসেবে তরুণদেরও পরখ করে দেখার সুযোগ পাবেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা দলে বেশ ক’জন তরুণ ও উদীয়মান মুখ রয়েছেন, যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন। তাতে আগামীকালের ম্যাচটিতে এই ১১ জনের কেউ হলুদ কার্ড দেখলে, সেটা হতে পারে তরুণদের নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা নিশ্চিত করতেই তো মুখিয়ে আছেন মাস্তানতুয়োনো-আলমাদার মতো উঠতি তারকারা।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








