সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ডিজিটাল যুগে শুধু তথ্য পাওয়া যথেষ্ট নয়। মানুষকে সময়োপযোগী, নির্ভরযোগ্য, যাচাইযোগ্য ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। কারণ তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হলে গুজব, ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরোর প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল মুহিত দিদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদ,ক্লাব সদস্য শেখ জাবেদ আহমদ।
প্রধান অতিথি আরো বলেন, অপতথ্য রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।ভূল তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর সংবাদ ব্যাক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর।তিনি বলেন,জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে।এক্ষেত্রে বর্তমান যুগে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি।
প্রধান অতিথি বলেন,আমরা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই।দেশের পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছে,দীর্ঘদিন সংগ্রাম করেছি আমরা।তিনি বলেন,বৈষম্য দূরীকরণের জন্য শিক্ষার্থী ও অনেক জনগণ প্রাণ হারিয়েছে। তাই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে তিনি সকলকে আহবান জানান।
বিশেষ অতিথি আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো: আকিকুর রেজা বলেন,তথ্য পাওয়া সবার অধিকার। কেউ তথ্য না জানলে তার গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা থাকে না।এটিই তথ্য অধিকার দিবসের মুল প্রসঙ্গ।তিনি বলেন,তথ্য পাওয়া বা প্রদানের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর দায়বদ্ধতা অনেক বেশি। কারণ সংশ্লিষ্ট দপ্তর যদি কাউকে পূর্ণাঙ্গ তথ্য প্রদান না করে অর্ধেক তথ্য দেয় বা তথ্য গোপন করে তাহলে এথেকে গুজব বা অপতথ্য ছড়ানোর সুযোগ সৃষ্টি হয়ে যায়। তাই তথ্য পাওয়ার ক্ষেত্রে দপ্তরগুলো দায়িত্বশীল হতে হবে।তিনি বলেন, সরকার অপতথ্য ও গুজব প্রতিরোধে সাইবার আইন প্রণয়ন করতে যাচ্ছে। এতে জনগণ ও সাংবাদিকরা সুফল পাবে।অপতথ্য রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন,যাচাই বা ফ্যাক্ট চেকিং করে সঠিক তথ্য শেয়ার করা উচিত।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, তথ্য প্রাপ্তি যেমন আমাদের অধিকার, তেমনি ভুল তথ্য যেনো আমরা প্রচার না করি, সে দিকেও আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমরা দেখি যে, অনেক সময় তথ্য সংগ্রহ বা পাওয়ার ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হই।
তারা আরও বলেন, বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক গণমাধ্যমের নামে বিভিন্ন পেজ খুলে মানুষের চরিত্র হনন এবং অপপ্রচার করছে। এগুলো নির্মূল করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন,জনগণকে সেবা দিতে হলে সরকারি বেসরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে তথ্য প্রদানকারী কর্মকর্তা দৃশ্যমান করতে হবে।অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম,পদবী ও যোগাযোগের নাম্বার থাকা আবশ্যক। তিনি বলেন,কেউ যাতে ডিজিটাল নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেদিকে সংবাদকর্মীদের সজাগ থাকতে হবে।ভিউ শিল্পের কোন মানদণ্ড নয় উল্লেখ করে তিনি বলেন,ডিজিটাল যুগে জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে মানুষ যেন সঠিক তথ্য থেকে বঞ্চিত না হয়।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” (Upholding Information Integrity in the Digital Age: The role of access to Information in addressing Information Disorder) প্রতিপাদ্য কে সামনে রেখে এবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস









