অক্টোবরে শেওলা স্থলবন্দরে ফের শুরু হচ্ছে কয়লা-পাথর আমদানি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

অক্টোবরে শেওলা স্থলবন্দরে ফের শুরু হচ্ছে কয়লা-পাথর আমদানি

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৩:০৬:০০ PM

অক্টোবরে শেওলা স্থলবন্দরে ফের শুরু হচ্ছে কয়লা-পাথর আমদানি


তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই সীমান্ত দিয়ে এসব পণ্য আমদানি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শেওলা স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি-রপ্তানি পরিচালনা এবং ব্যবসায়িক স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন। এতে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।

আলোচনায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই তালিকায় থাকা সদস্যদের বাইরে অন্য কারও সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়ে ব্যবসায়ী নেতারা একমত হন।

সভায় ব্যবসায়ীরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি আবার চালুর পাশাপাশি সীমান্ত বাণিজ্য স্বাভাবিক ও সচল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে।

ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে সভায় উপস্থিত ছিলেন আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী ও রুহুল কুদ্দুছসহ অনেকে।

বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে ছিলেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ ও আবুল হাসেমসহ আরও অনেকে।

গত তিন মাস ধরে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি বন্ধ ছিল। দুই দেশের ব্যবসায়ীদের নতুন সিদ্ধান্তের ফলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবারও এ বন্দর দিয়ে পণ্য দুটির আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর