পাকিস্তান-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হয়েছে আজ। আগামী নভেম্বরে পাকিস্তান সফর করবে লঙ্কানরা। ১১ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে এই সিরিজ।
প্রায় ছয় বছর পর পাকিস্তানে আবারও ওয়ানডে খেলবে লঙ্কানরা। সবশেষ ২০১৯ সালে তিন ওয়ানডে খেলতে এসেছিল তারা, সেবার ২–০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকেরা।
নভেম্বরের ওয়ানডে সিরিজের পরই শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে পাকিস্তান আয়োজন করবে নিজেদের মাঠে প্রথমবার টি–টোয়েন্টি ট্রাই-সিরিজ। সব ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। নিজেদের মাঠে একের পর এক সিরিজে ব্যস্ত সময় কাটাবে বাবর-সালমানদের।
সংযুক্ত আরব আমিরাতে গতকাল আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। এবার এশিয়া কাপ খেলতে নামছে তারা। তারপর ঘরোয়া মৌসুমে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজগুলো পাকিস্তান দলকে দেবে ২০২৬ ভারত ও শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ।
পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ সূচি
১১ নভেম্বর - প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
১৩ নভেম্বর - দ্বিতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
১৫ নভেম্বর - তৃতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








