মাধবপুরে টমেটোর বাম্পার ফলন
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:১০ AM

মাধবপুরে টমেটোর বাম্পার ফলন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১০:৩৬:২৪ AM

মাধবপুরে টমেটোর বাম্পার ফলন


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেলঘর এলাকায় প্রায় ৬০ শতক জমিতে টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মো. চুট্টু মিয়া। বর্তমানে তার ক্ষেতজুড়ে লাল টমেটোর সাগর, দিনভর চলছে টমেটো সংগ্রহ ও বাজারজাতের ব্যস্ততা।

চাষি চুট্টু মিয়া জানান, আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করে তিনি এবার ভালো ফলন পেয়েছেন। একদিন পরপর তিনি ৩০ থেকে ৪০ ক্যারেট টমেটো স্থানীয় বাজারে বিক্রি করছেন, এতে প্রতিদিনই ভালো দাম পাচ্ছেন। এই জমিতে ধান করলে তেমন লাভ হতো না, কিন্তু টমেটো চাষে এবার ভালো ফলন পেয়েছি। মৌসুম শেষে ভালো লাভ হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, মাধবপুর উপজেলার মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকরা এখন টমেটো, মরিচ ও বেগুনসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজির আবাদে আগ্রহ দেখাচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করছি। এ মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। সময়মতো পরিচর্যা, মানসম্মত বীজ ও সঠিক সার ব্যবহারের ফলে এবার ফলন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়েছে।

কৃষি কর্মকর্তার মতে, আগাম বাজারে টমেটো বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন, তারা বর্তমানে ভালো দাম পাচ্ছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর