কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি বাল্কহেড জব্দ ও একজন আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজের একেবারে কাছাকাছি স্থানে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছিল কয়েকটি বাল্কহেড। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড হেফাজতে নেয়া হয় এবং একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের সময় কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ধলাই ব্রিজের পাশ থেকে বাল্কহেডসহ একজনকে আটক করা হয়েছে। ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধলাই ব্রিজ এলাকার ইজারাদার আব্দুল্লাহ আল মামুনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ধলাই নদীর এই ব্রিজটি সম্প্রতি নানামুখী চাপে ঝুঁকির মুখে পড়েছে। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।
আজকের সিলেট/এপি









