নগরীর আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে। এঘটনায় গ্যারেজে থাকা ৯টি গাড়ি পুঢ়ে ছাঁই হয়ে গেছে। এটি পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে।
রোববার দিবাগত গভীররাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, স্থানীয়রা আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীও আগুন নেভাতে সহায়তা করে। রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সরেজমিন দেখা যায়, আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়ি পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এর পাশাপাশি আশপাশের আরও ২টি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়, পরে আগুন বিস্তৃত হওয়ায় আরও তিনটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়ার্কশপে কেউ আহত বা নিহত হয়নি। রাতের কারণে মালিকও উপস্থিত ছিলেন না। এখানে মোট ১০টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল ছিল। মূলত গাড়ির গ্যারেজ থেকে আগুন শুরু হয় এবং সম্ভবত শর্টসার্কিটের কারণে বিস্তার ঘটে। তবে সঠিক কারণ নির্ধারণ করতে প্রত্যক্ষদর্শীর তথ্যসহ তদন্ত চালানো হচ্ছে।
এসএমপির মূখপাত্র ও উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








