বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠভর্তি একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে। আটক দু’জন হলেন-নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মো. আব্দুর রহীম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার মো. খোকন (৪০)।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুবাগ মোড়ে কাঠবোঝাই একটি ট্রাক সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে টহলদলটি তল্লাশিতে যায়। এসময় ট্রাকচালকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ২ জন আসামীসহ ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
জানা গেছে, আটককৃত কাঠের পরিমাণ ৪৪৭.০৭ সিএফটি, যার সিজার মূল্য ৬ লাখ ৭০ হাজার ৬’শত টাকা। ট্রাকের সিজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোন ২টির সিজার মূল্য ২১ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য দাঁড়ায় ৫৭ লাখ ৪১ হাজার ৬’শত টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








