হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১ ক্যাভার্ড ভ্যান'সহ ভারতীয় জিরার চালান জব্দ করা হয়।
অভিযানে জব্দকৃত জিরার পরিমান ১৬০ বস্তা। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪৮০০ কেজি জিরা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ কোটি দুই লক্ষ টাকা।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ ক্যাভার্ড ভ্যান'সহ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা চালান জব্দ করেছে।
জব্দকৃত জিরা শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








