ক্লাস পার্টির কেক নষ্ট করায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলেন শিক্ষক
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২১ AM

ক্লাস পার্টির কেক নষ্ট করায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলেন শিক্ষক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৬:১২:১৫ PM

ক্লাস পার্টির কেক নষ্ট করায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলেন শিক্ষক


সুনামগঞ্জে ক্লাস পার্টির কেক নষ্ট করায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন। 

মঙ্গলবার সকালে শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর পরিবার জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার মায়ের সঙ্গে বিদ্যালয়ে যায় শিক্ষার্থী আবির। কিন্তু আজকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ক্লাস পার্টির আয়োজন করা হলে ভুলবশত শিক্ষার্থী আবিরসহ তার সহপাঠীরা খেলার ছলে কেকটি সামান্য নষ্ট করে ফেলে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন এ খুদে শিক্ষার্থীকে বেধরক মারধর করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

আহত শিক্ষার্থী মহিবুর রহমান আবির বলেন, খেলার ছলে হাত লেগে ক্লাস পার্টির কেকটি সামান্য নষ্ট হয়ে যায়। এ কারণে স্যার আমাকে ব্যাপক মারধর করেন।

আহত শিক্ষার্থীর মা পারভিন আক্তার বলেন, স্কুলের ক্লাস পার্টির কেক নষ্ট হওয়ায় আমার ছেলেকে মারধর করার পাশাপাশি ওই শিক্ষক আমাকে ফোন দিয়ে বলেন যে কেমন সন্তান জন্ম দিয়েছি। একজন শিক্ষকের মুখের ভাষা এতটা খারাপ কীভাবে হতে পারে? আমি এ ঘটনার বিচার চাই।  

তবে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাদ্দাম হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান খান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি ডিসি স্যারের সঙ্গে মিটিং করার জন্য ডিসি অফিসে এসেছি। তবে আগামীকাল বুধবার ওই ঘটনার সমাধান করে দেওয়ার জন্য আহত শিক্ষার্থীর পরিবারকে বিদ্যালয়ে আসতে বলেছি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর