জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্স।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ সংলগ্ন রাংপানি নদীর তীরবর্তী একটি বালু ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে অংশ নেন বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে।
উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
আজকের সিলেট/এপি









