মুফতী নিজাম উদ্দিন আল আদনান | ছবি : সংগৃহীত
মহান আল্লাহ তাআলাকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের প্রকাশ্য কটূক্তিমূলক বক্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ও হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী (সম্ভাব্য) মুফতী নিজাম উদ্দিন আল আদনান।
বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আল্লাহ তাআলার প্রতি এমন প্রকাশ্য কটূক্তি কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার জায়গায় পড়ে না। এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহর মৌলিক আকীদার ওপর নগ্ন আঘাত।
মুফতী আদনান বলেন, সমাজে বিভ্রান্তি ছড়ানো, ধর্মবিদ্বেষ সৃষ্টি করা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে অশান্তি তৈরির অপপ্রয়াস জাতির জন্য মারাত্মক হুমকি। তিনি জানান, জমিয়ত সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় মর্যাদা রক্ষার পক্ষে—কিন্তু ধর্মের বিরুদ্ধে অশ্রদ্ধা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি বলেন, সরকার যদি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে দেশে বড় ধরনের বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং ধর্মীয় মূল্যবোধ সুরক্ষায় রাষ্ট্রকে তার দৃঢ় ভূমিকা রাখতে হবে।
মুফতী নিজাম উদ্দিন আল আদনান ঘটনাটিকে চরম দুঃসাহসিক ও উসকানিমূলক আখ্যা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, আবুল সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা নিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি ইসলামপ্রিয় জনতাকে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতির মর্যাদা রক্ষা করা প্রতিটি রাষ্ট্র ও নাগরিকের দায়িত্ব। সকলের সম্মিলিত সচেতনতা ও আইনগত উদ্যোগই এ ধরনের অপকর্ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 












