‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এমএ খান এডিটোরিয়ামে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আ.জ.ম সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা
ডাক্তার সঙ্গীতা মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, সাংবাদিক আবুল কাশেম অফিক, জাকির হোসাইন প্রমুখ।
প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি, ডিম, ঘাস প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের যেমন- লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ টিকা, ক্ষুরা রোগের (এফএমডি) টিকা, ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করে মৃত্যু হার হ্রাস করা হচ্ছে। আগামীতে পশু পালনে মানুষ আরো এগিয়ে আসবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








