পাঁচ বছর প্রেমের পর মহারাষ্ট্রের সাংলিতে জমকালো আয়োজনেই বিয়ের প্রস্তুতি চূড়ান্ত করেছিলেন ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউড সুরকার পলাশ মুচ্ছল। স্মৃতির বাড়িতে সাজসজ্জা শেষ, অতিথি তালিকাও প্রস্তুত, সব মিলিয়ে তারকাজুটির বিয়েতে ছিল না কোনো ঘাটতি।
তবে গত রোববার নির্ধারিত বিয়ের দিন সকালেই সবকিছু ভিন্ন দিকে মোড় নেয়। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। এরপরই বিয়ে স্থগিতের ঘোষণা দেন স্মৃতি।
কিন্তু এখানেই থেমে থাকেনি রহস্য। কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে বিয়েসংক্রান্ত সব পোস্ট বাগদান, গায়েহলুদ, বিশেষ মুহূর্ত—মুছে ফেলেন স্মৃতি। আর তাতেই জোরালো হয় গুঞ্জন: স্মৃতি-পলাশের সম্পর্ক কি ভাঙনের মুখে?
এদিকে ঘটনা আরও জটিল করে দেয় নতুন এক বিতর্ক। মেরি ডি'কস্তা নামের এক নৃত্যপরিচালক ইনস্টাগ্রামে পলাশের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিলেও সেসব স্ক্রিনশট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেরির দাবি, পলাশ তাকে হোটেলে একসঙ্গে সাঁতার কাটার আমন্ত্রণ জানান। মেরি তখন প্রশ্ন করেন, তুমি তো সম্পর্কে আছো? উত্তরে পলাশ নাকি বলেন, সম্পর্কে থাকলে কি একসঙ্গে সাঁতার কাটা যায় না?
স্ক্রিনশটে দেখা যায়, পলাশ বেশ উদগ্রীব ছিলেন মেরির সঙ্গে দেখা করতে। আশপাশের মানুষ চিনে ফেলতে পারে, এই শঙ্কার কথাও উঠে আসে আলাপে। পলাশই নাকি সেসব উদ্বেগ কাটিয়ে তাকে আশ্বস্ত করেছিলেন।
উল্লেখ্য, স্মৃতি–পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বও ছিল মেরির ওপর।
এই পুরো বিতর্কে এখনো মুখ খোলেননি স্মৃতি বা পলাশ কেউই। তবে নেটিজেনদের প্রশ্ন, মেরির স্ক্রিনশট কি স্মৃতি-পলাশের সম্পর্কে ফাটল ধরিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্থগিত হওয়া এই বিয়ে কি শেষ পর্যন্ত আর হবে? সব মিলিয়ে তারকা জুটির বিয়েকে ঘিরে এখন চরম ধোঁয়াশা।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








