নবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩০ PM

নবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৩:৪৯:৫৫ PM

নবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।

শনিবার দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে।

এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এ বিষয়ে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর