সিলেটে বাস-ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হলেও চালক বিকাল ৫টা পর্যন্ত ট্রাকের ভেতর আটকে ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, আহতদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশি তৎপরতায় সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








