জৈন্তাপুরে সুশাসন–উন্নয়ন ও নিরাপদ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার ইউএনওর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ PM

জৈন্তাপুরে সুশাসন–উন্নয়ন ও নিরাপদ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার ইউএনওর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৭:১৭:৩৩ PM

জৈন্তাপুরে সুশাসন–উন্নয়ন ও নিরাপদ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার ইউএনওর


জৈন্তাপুর উপজেলাকে সকলের সহযোগিতায় সুশাসন উন্নয়নে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও গোলাম মোস্তফা। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সঞ্জীব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি এবং ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী। তারা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। এ বিষয়ে সকল পক্ষের সহযোগিতা অপরিহার্য।”

তিনি নির্বাচনের নিরাপত্তা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাঠ-পর্যায়ের বিভিন্ন ঝুঁকি নিয়ে পুলিশ, বিজিবি, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক দল ও সাংবাদিকদের মতামত গ্রহণ করেন।

অতিথিরা সীমান্ত নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ, পাহাড়–টিলা কাটা বন্ধ, মহাসড়ক সংস্কার, যানজট নিরসন, পর্যটন শিল্পের সম্ভাবনা বাড়ানোসহ উপজেলা উন্নয়নে নানামুখী প্রস্তাবনা তুলে ধরেন।

ইউএনও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ পাথর-বালু উত্তোলন ও পাহাড়–টিলা কাটা সম্পূর্ণরূপে বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। বাজার মনিটরিং জোরদার করে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। এছাড়া উপজেলা পরিষদের দপ্তরগুলো জনগণের সেবা প্রাপ্তির জন্য উন্মুক্ত থাকবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এলাকায় অনিয়ন্ত্রিত প্রবেশ বা আড্ডা দেওয়া সীমিত করা হবে, যা আসন্ন নির্বাচনী নিরাপত্তার অংশ।

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা এবং আন্তরিকতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই জৈন্তাপুরবাসীর সঙ্গে সমন্বয় করে একটি উন্নত, নিরাপদ, পরিবেশবান্ধব ও মডেল উপজেলা গড়ে তুলাই আমার লক্ষ্য।”

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর