মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নিহত শুকুরাম কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুরাইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩–৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির বিড়ি (পাতার বিড়ি) ও সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ওই সময়ে শুকুরাম উরাং (২৫) পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর অবস্থায় বাংলাদেশে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








