মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে মার্কিন হামলার খবর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:২৫:৪৭ পূর্বাহ্ন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে মার্কিন হামলার খবর


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের কেশম দ্বীপে পরপর বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে দেশটির দক্ষিণ উপকূলের বন্দর লেঙ্গেহেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। এর মধ্যেই হরমুজ প্রণালিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর হামলার খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম।

গত সোমবার (২ নভেম্বর) রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, অল্প সময়ের ব্যবধানে কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের সময় দ্বীপটির আকাশে দুটি উড়োজাহাজ দেখা গেছে। হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত দ্বীপটি।

আধাসরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরনগরী বন্দর লেঙ্গেহেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শব্দগুলো সমুদ্রের দিক থেকে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এসব হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা কমিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তার দাবি, মার্কিন স্থাপনা লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরানি সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ফক্স নিউজ ও অ্যাক্সিওসের সাংবাদিকদের তথ্য অনুযায়ী, গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গুলি চালানোর জবাবে এ হামলা হয়েছে।

তবে হামলার বিষয়ে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার আইআরজিসি দাবি করে, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা ড্রোন আটক করেছে তারা। একই সঙ্গে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার দাবিও করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখতে এ নির্বাচনে লড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইরানে নতুন করে হামলার খবর সামনে এল।

এদিকে, ইরানে আরও হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে শিগগিরই যুক্তরাষ্ট্রের সমঝোতা হতে পারে।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর