এক সময়ের জনপ্রিয় তারকা আফসান আরা বিন্দু। বর্তমানে পর্দায় সেভাবে দেখা মেলে না তাকে। এবার প্রথমবারের মত পডকাস্টে অংশ নিয়েছেন তিনি।
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এর এ সময়ের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ অতিথি হয়ে হাজির হচ্ছেন বিন্দু। শনিবার রাত ৮টায় প্রচারিত হবে এই পর্বটি।
বিন্দু এই পডকাস্টেই সঞ্চালক রুম্মান রশীদ খান-এর কাছে জানিয়েছেন, প্রায় এক যুগ পর ছোট পর্দায় দীর্ঘ সময়ের জন্য কথা বলেছেন তিনি। ২০১৪ সালে বিয়ের বেশ ক’মাস আগে থেকেই বিনোদন জগত থেকে সাময়িক বিদায় নিয়েছিলেন তিনি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে বিন্দু তার জীবনের প্রেম, প্রেমের গুঞ্জন এবং বিয়ে নিয়ে এমন অনেক কিছুই বলেছেন, যা তিনি আগে কখনো গণমাধ্যমে বলেননি। বিন্দুর বিয়ে, সংসার এবং ব্যক্তি জীবন নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে, সেসব নিয়েও বিন্দু অকপটে সবকিছু বলেছেন।
‘এই তো প্রেম’ সিনেমায় বিন্দুর নায়ক ছিলেন চিত্রনায়ক শাকিব খান। শুটিং সেটে শাকিব খানের উদারতা, সহশিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ মুগ্ধ করেছিল বিন্দুকে।
একবার চারতলা থেকে গড়িয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন। সে সময় তার হাঁটু মচকে গিয়েছিল। কপালে ১১টি, ঠোঁটে ৫টি, দুই হাতে প্রায় ১৫টি সেলাই নিতে হয়েছিল। এই ঘটনার নেপথ্যের কারণও জানিয়েছেন বিন্দু।
নতুন বছরে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








