সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. নুর উদ্দিনের অবসরকালীন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, এ কে এম রুহুল আমিন, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, জেসিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি ও চা-বাগান অধ্যুষিত লালাখাল–নিশ্চিন্তপুর এলাকায় ১৯৮৪ সাল থেকে শিক্ষা বিস্তারে মো. নুর উদ্দিন অসামান্য অবদান রেখে চলেছেন। চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, তার নেতৃত্বে বিদ্যালয়টি ২০১০ সালে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন এবং ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হয়ে জৈন্তাপুর উপজেলাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।
বিদায়ী শিক্ষক মো. নুর উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, শিক্ষকতা থেকে অবসর নিলেও তিনি আজীবন একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বিদ্যালয়ের পাশে থাকবেন। তিনি ভবিষ্যৎ শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক, ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে ফুলে সাজানো জিপগাড়িতে করে তাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।
আজকের সিলেট/প্রতিনিধি/এএসআর
জৈন্তাপুর প্রতিনিধি 









