নাসির ঝড়ে ঢাকার বড় জয়: তলানিতে নোয়াখালী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ AM

নাসির ঝড়ে ঢাকার বড় জয়: তলানিতে নোয়াখালী

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৬:৪৪:২২ PM

নাসির ঝড়ে ঢাকার বড় জয়: তলানিতে নোয়াখালী


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের অষ্টম দিনের প্রথম ম্যাচ হয়েছে লো স্কোরিং। ঢাকা ক্যাপিটালস ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নোয়াখালী এক্সপ্রেসকে হেসেখেলে ৭ উইকেটে হারিয়েছে । ২১ বলে ফিফটি হাঁকিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির হোসেন। এই নিয়ে টানা ৫ম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে জায়গা করে নিলো নোয়াখালী এক্সপ্রেস। টানা হারের বৃত্ত থেকে কোন ভাবেই বের হতে পারছে না নবাগত এই দলটি।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুনের উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। দলের ১৪ রানের মাথাতে বিদায় নেন গুরবাজ এবং মামুন। ৬ বলে ১ রান করেছেন মামুন। অন্যদিকে ২ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গুরবাজ।

শেষ দিকে ইমাদ ওয়াসিম-নাসির হোসেনের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় ঢাকা। 

এরপর তিনে নেমে তাণ্ডব চালিয়েছেন নাসির হোসেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রান তুলেছেন নাসির। মাত্র ২১ বলে ফিফটি করে ফেলেন নাসির। এবারের আসরের দ্রুততম ফিফটি এল নাসিরের ব্যাট থেকেই। এর আগে ২৩ বলে ফিফটি হাঁকিয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন কাইল মেয়ার্স। আজ নাসিরের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী টগবগে তরুণের ছবি ফুটে ওঠেছে। যেন সেই পুরোনো ফিনিশার নাসির। 

যদিও ফিফটির পর কিছুটা কমেছে নাসিরের রানের গতি। তবে থামেনি একদমই। চারে নামা ইরফান শুক্কুর ১১ বলে ১২ রান করেছেন। পাঁচে নেমে নাসিরের সাথে যোগ দেন ইমাদ ওয়াসিম। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন ইমাদও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন নাসির।

শেষ পর্যন্ত নাসির-ইমাদের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে যায় ঢাকা ক্যাপিটালস। হার না মানা ৫০ বলে ৯০ রানের টর্নেডো ইনিংস খেলেন নাসির। ১৬ বলে ২৯ রান করে টিকে ছিলেন ইমাদ।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে হাসান মাহমুদ তিন ওভার হাত ঘুরিয়ে ৫.৭০ ইকোনমিতে ২ উইকেটের দেখা পান।  ১৭ রান দিয়ে ১ উইকেট তুলেছেন জহির খান।

এর আগে, বুধবার দিনের শুরুতে টসে জিতে আগে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে যায় নোয়াখালী। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার সাজঘরে ফিরেছেন দলের ১১ রানের মাথাতে। ফেরার আগে সোহান ১৩ বলে ৬ রান ও সৌম্য ৬ বলে ১ রান করেন।

দলের এই বিপর্যয়ে তিনে নেমে কিছুটা লড়াই চালিয়েছেন পাকিস্তানি তরুণ মাজ সাদাকাত। তবে মুনিম শাহরিয়ার এবং মাহিদুল ইসলাম অঙ্কন মোটা দাগে ব্যর্থ। ৬ বলে ২ রান করে বিদায় নেন মুনিম। ৯ বলে ৪ রান করেছেন অঙ্কন। আউট হয়েছেন দৃষ্টিকটু ভাবে। ১৯ বলে ২৪ রানের লড়াকু ইনিংস খেলা মাজ ফিরেছেন দলের ৪০ রানের মাথাতে। এ ইনিংসে রয়েছে দুইটি চার ও একটি ছয়ের মার। মাত্র ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে খেলা থেকে ছিটকে যায় নোয়াখালী এক্সপ্রেস। 

ষষ্ঠ উইকেট জুটিতে চাপের মুখে দলের হাল ধরেন মোহাম্মদ নবী এবং হায়দার আলী। দুজনের সাবলীল ব্যাটিংয়ে বিপদ সামলে এগিয়েছে নোয়াখালীর ইনিংস। জুটির শুরুতে রানের চাকা কিছুটা স্লো হলেও সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন নবী এবং হায়দার। দুজনের ব্যাটে ভর করে ১২০ পার করে নোয়াখালী। এই জুটি ৬১ বল খেলে ৯১ রানের দারুণ এক সংগ্রহ এনে দেন। 

অধিনায়ক হায়দার আলী ৩৬ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান একদম শেষ ওভারে। এই লড়াকু ইনিংসে ছিলো তিনটি চার ও একটি ছয়ের মার। ৩৩ বলে ৪২ রানের এক হার না মানা ইনিংস খেলেন মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে থেমেছে নোয়াখালীর ইনিংস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়াউর রহমান, নাসির হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন।

এবারের আসরে ২য় জয় তুলে নিল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে নোয়াখালী এক্সপ্রেস।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর