জৈন্তাপুরে দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ PM

জৈন্তাপুরে দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৪:৪০:২৮ PM

জৈন্তাপুরে দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং করার দায়ে দুইটি স্টোন ক্রাশার মিলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব-এর নেতৃত্বে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকার স্টোন ক্রাশার মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ক্রাশার মিলগুলো পানি ব্যবহার না করে পাথর ভাঙার কাজ করছিল, ফলে ধুলোকণায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ আইনে দুইটি ক্রাশার মিলকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া আগামীতে পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং কার্যক্রম চালানো হলে মিল বন্ধ করে দেওয়া হবে—এ মর্মে সংশ্লিষ্ট মিল মালিকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। অন্য ক্রাশার মিল মালিকদেরও সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জৈন্তাপুর উপজেলার প্রতিটি এলাকায় পরিবেশ আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর