গোলাপগঞ্জে ফসলি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন, নীরব প্রশাসন!
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ PM

গোলাপগঞ্জে ফসলি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন, নীরব প্রশাসন!

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ১২:০৯:৪৫ AM

গোলাপগঞ্জে ফসলি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন, নীরব প্রশাসন!


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের বোরোধানের ফসলি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন করে স্থানীয় বিভিন্ন ইটভাটায় পাচার করছে একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে কৃষিজমি ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়ক সংলগ্ন এলাকায় প্রতিদিন রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে ফসলি জমির মাটি কেটে দশ চাকাসহ ছোট বড় ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় পরিবহন করা হচ্ছে। ভারী ট্রাক চলাচলের কারণে গাজী বোরহান উদ্দিন সড়কটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম, তুরুকভাগ, খালপারসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাত নামলেই শুরু হয় মাটি কাটার উৎসব। কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় ভবিষ্যতে এসব জমিতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এভাবে প্রকাশ্যে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অন্যদিকে বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর