সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। চোরাচালানে রয়েছে গরু ও শুঁটকিসহ অনেক কিছু।
রোববার (১৮ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছানাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত মালামাল, পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংকস, চা-পাতা, চকলেট ও সুপারি। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বাংলাদেশি শিং মাছ ও সুপারিও আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








