অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ধীর শুরু হলেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। থাইল্যান্ডের মানাঞ্চায়া সাওয়াংকায়ুকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
২০২২ সালের ইউএস ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে বাছাই খেলোয়াড় হিসেবে খেলতে নামেন রাদুকানু। তবে ম্যাচের শুরুতে বেশ চাপে পড়েন তিনি। বিশ্বের ১৯৬ নম্বর খেলোয়াড় সাওয়াংকায়ুর বিপক্ষে শুরুতেই নিজের সার্ভ হারান এবং কিছুটা নড়বড়ে খেলেন।
মার্গারেট কোর্ট অ্যারেনায় ম্যাচ এগোতেই ধীরে ধীরে ছন্দে ফেরেন রাদুকানু। টানা ৭টি গেম জিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেট নিজেদের করে নেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন। এরপর দ্বিতীয় সেটেও দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেন তিনি। ১ ঘণ্টার একটু বেশি সময়েই শেষ হয় ম্যাচটি।
জয়ের পর রাদুকানু বলেন, ‘ম্যাচটি জিততে পেরে আমি খুব খুশি। শুরু থেকেই সে অসাধারণ খেলছিল। প্রথম সেটে যেভাবে লড়াই করে ফিরেছি, সেটা নিয়ে আমি গর্বিত।’
২৩ বছর বয়সী রাদুকানুর পরের ম্যাচ অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে। তৃতীয় রাউন্ডে উঠতে পারলে তার সামনে আসতে পারেন বর্তমান বিশ্ব নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








