মধ্যরাতে মুক্ত হলেন ভিসি-প্রোভিসি-ট্রেজারার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ PM

মধ্যরাতে মুক্ত হলেন ভিসি-প্রোভিসি-ট্রেজারার

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ১০:২৫:১২ AM

মধ্যরাতে মুক্ত হলেন ভিসি-প্রোভিসি-ট্রেজারার


প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। একই সময়ে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দিয়ে আন্দোলনস্থল ত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম জানান, তিনি বাসায় পৌঁছেছেন। তবে এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

রাতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর আলোচনার পর শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি সূত্র জানায়।

দীর্ঘ ২৮ বছর পরে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণের ঠিক কয়েক ঘণ্টা আগেই স্থগিত হয়ে যায় শাকসু নির্বাচন। ফলে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি। মহাসড়ক অবরোধ করে দিনভর আন্দোলন করেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্টে রিটকারী শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। দুপুর ১২টা থেকে তারা ভিসি-প্রোভিসি ও ট্রেজারারকে অবরুদ্ধ করে রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাকসু নির্বাচনের প্রার্থীদের নিয়ে মিটিংয়ে বসেন শাবি ভিসি, প্রো-ভিসি। পরে সেখানেও কোনও সিদ্ধান্ত না হওয়াতে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শাবির সিন্ডিকেট সদস্য ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম জানান, ‘মঙ্গলবার উনারা আবার রিট করবে। রিট করার পরে যদি রায় পেয়ে যায়, তাহলে পরের দিন আবার নির্বাচন হয়ে যাবে। কেইস করেই এটাকে সমাধান করতে হবে। এখন কোর্ট দিয়েই এটাকে সমাধান করতে হবে। আমরা চিল্লালেও কাজ হবে না। আমরা সিন্ডিকেট সভা থেকে ৪/৫ জন বড় উকিলের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, কোর্টের যেটা নিয়ম, ওইটার কাউন্টার ব্যালেন্স দিতে হবে। ওইটা মঙ্গলবার আমরা আবার তুলবো। যদি ওইটা ওখানে রায় হয়, সেজন্য আমরা আমাদের নির্বাচন কমিশনকে অ্যাকটিভ রাখছি।

তিনি বলেন, মঙ্গলবার রায় পেলে পরদিন শাকসু নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। যদি রায় না পাওয়া যায়, তাহলে আবার উকিলদের সঙ্গে কথা বলবো। শাকসু না হওয়ার কারণ নাই। কারণ নির্বাচন কমিশন তো একটা কাগজে সই করে দিছে যে আমরা নিতে পারবো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর