শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, অর্থ ও প্রচার সম্পাদক আহবাব হোসেন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিন, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদসহ কলেজ ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে অনতিবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন করতে হবে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, যারা ছাত্র-জনতার ম্যান্ডেটের বিরোধিতা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধভাবে লালকার্ড দেখাবে।
অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ গঠনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








