সিলেট সীমান্তে এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল বিওপি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারিও জব্দ করা হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকে বালুর নিচে অভিনব কায়দায় পরিবহন করা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।
বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/এএসআর
নিউজ ডেস্ক 








